দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেনের উত্তরার বাসভবনে ককটেল বিস্ফোরণের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করা হয়েছে। ককটেল বিস্ফোরণ নিয়ে কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “উত্তরায় বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ” শিরোনামে কিছু ভুঁইফোড় নিউজ পোর্টালে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। প্রকাশিত সংবাদে যে ভিডিও এবং ছবি ব্যবহার করা হয়েছে, সেগুলো এস এম জাহাঙ্গীর হোসেনের বাসভবন কিংবা উত্তরার আশপাশের কোনো এলাকার নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে এই ভুয়ো ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, প্রকৃত সত্য ও প্রতিবাদ জানানোর পর ইতোমধ্যে বেশ কয়েকটি নিউজ পোর্টাল তাদের ভুল স্বীকার করে প্রকাশিত মিথ্যা সংবাদটি সরিয়ে নিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে।
ঘটনার প্রকৃত সত্যতা সরেজমিনে যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
এমজে